পূবালী ব্যাংকের ডিভিডেন্ডে পরিবর্তন, কমল নগদ বাড়ল বোনাস

সময়: বুধবার, জুন ১৭, ২০২৬ ৭:১৩:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন এনে নতুন লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত আগের ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৬ জুন ২০২৬ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সাধারণ সভায় মোট ৬টি এজেন্ডা, যার মধ্যে একটি বিশেষ এজেন্ডা ছিল, সফলভাবে বিবেচনা ও অনুমোদন করা হয়েছে।

সভায় এজেন্ডা নম্বর-২, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে আলোচনা হয়। এ সময় পরিচালনা পর্ষদের ১৫১৫তম সভায় সুপারিশ করা ডিভিডেন্ডের ধরনে পরিবর্তনের একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

উল্লেখ্য, পরিচালনা পর্ষদ প্রথমে ১৫ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড এবং ১৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছিল। তবে সভায় শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন ও সমর্থনের পর সর্বসম্মতিক্রমে ওই ডিভিডেন্ড কাঠামোয় সংশোধনী অনুমোদন করা হয়।

ফলে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পূবালী ব্যাংকের শেয়ারহোল্ডাররা চূড়ান্তভাবে ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছেন।

কোম্পানিটির ৪৩তম এজিএমে অনুমোদিত এই ডিভিডেন্ডই ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের প্রাপ্য চূড়ান্ত লভ্যাংশ হিসেবে গণ্য হবে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged