নিজস্ব প্রতিবেদক শেয়ারবাজারে আজ বিনিয়োগকারীদের হিসাবি ও কৌশলী লেনদেনের কারণে সূচকে সামান্য পতন এলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এটি বাজারের স্বাভাবিক প্রবণতা। তাদের ভাষ্য, দিনের শুরুতে সূচকের গতি ছিল ঊর্ধ্বমুখী। মধ্যাহ্ন পর্যন্ত এই ঊর্ধ্বগতি বজায় থাকলেও পরে তা নিম্নমুখী হতে শুরু করে। তবে এই ওঠানামার মধ্যেও বাজারে তেমন অস্থিরতা দেখা যায়নি। কারণ বেশিরভাগ বিনিয়োগকারী লাভ-লোকসানের হিসাব যাচাই করেই শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। ফলে দিনশেষে সূচক সামান্য কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ (০১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২৩ পয়েন্ট কমে ১ হাজার ১০০.২৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৪.৯০ পয়েন্ট কমে ২ হাজার ১০৩.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৪২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ প্রায় ৭২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬৯৯ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৪ কোটি টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
সিএসইতে আজ লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৪.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৪১.৯৬ পয়েন্ট বেড়েছিল।


