নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার নিয়ে যে আশার আলো জেগেছিল, সেই আশা এখন অনেকটাই ম্লান। সরকার গঠনের পরপরই বাজারে ধারাবাহিক উত্থান দেখা যায়। বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণে লেনদেন বেড়ে যায়, অনেকে লোকসান কাটিয়ে মুনাফাও করেন। সেই উৎফুল্ল পরিবেশে সূচক একসময় প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়।
বাজারকে আরও স্থিতিশীল করতে নতুন কমিশন গঠন করা হয়। কিন্তু সেই কমিশন বাজারকে স্থিতিশীল তো দূরের কথা, স্বাভাবিক রাখতেও ব্যর্থ হয়েছে। বরং ধারাবাহিক দরপতনে বাজার এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
বাজার-সংশ্লিষ্টদের মতে, সরকার বিনিয়োগকারীদের স্বার্থে ও বাজারের উন্নয়নে নতুন কমিশন গঠন করেছিল। কিন্তু বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে অনেকাংশে ব্যর্থ। তারা শুধু বাজার সংস্কার ও উদ্যোগের কথা বলে বক্তৃতা দিয়ে দায় সারছে। ধারাবাহিক দরপতন ঠেকাতে কোনো কার্যকর উদ্যোগ তাদের মধ্যে দেখা যাচ্ছে না।
তাদের মতে, সংস্কারের আগে দরপতন ঠেকিয়ে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা জরুরি। ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমান সংকট সমাধানে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু এ বিষয়ে কমিশনের কোনো সাড়া নেই। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পতনের কারণ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে বাজার সংস্কার ও উন্নয়ন নিয়ে বক্তৃতা দিয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে। ফলে সূচক বাড়লেও বিনিয়োগকারীদের তেমন অংশগ্রহণ দেখা যাচ্ছে না।
এদিকে, আজ (০৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫.৫৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৫.৬৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭১টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭১ কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬০.৯৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৯৮.১৪ পয়েন্ট বেড়েছিল।


