অনলাইন শেয়ারবাজারে বিনিয়োগের নামে প্রতারণা, দুই চীনা নাগরিকসহ চারজন রিমান্ডে

সময়: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ ৯:৫৫:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই চীনা নাগরিকসহ চারজনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন রুহুল আমিন বিশ্বাস (২৬), শেখ সানজিদা মনসুর সিথি (২৩) এবং চীনা নাগরিক চ্যান লং জি (৩৬) ও ওয়াং শিওয়েই (৩৫)। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর আদাবর ও ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একাধিক স্মার্টফোন, আইফোন, একটি ল্যাপটপ এবং একটি চীনা পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে বিনিয়োগের প্রস্তাব

মামলার এজাহার অনুযায়ী, বাদী মো. আবু ছাদেকের হোয়াটসঅ্যাপে অনলাইনে শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব পাঠানো হয়। পরে দুটি ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে বিভিন্ন বিনিয়োগ প্যাকেজ ও ব্লক ট্রেডের শেয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। এসব প্যাকেজে বিনিয়োগ করলে প্রতিদিন আকর্ষণীয় মুনাফা পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চার মাসে প্রায় ১১ কোটি টাকা পাঠানোর অভিযোগ

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে আবু ছাদেক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব থেকে অভিযুক্তদের দেওয়া বিভিন্ন হিসাবে টাকা পাঠান। এভাবে সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকা দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, বিনিয়োগের বিষয়ে তাঁর আস্থা অর্জনের জন্য আবু ছাদেককে ১০ লাখ টাকা মুনাফা দেওয়া হয়েছিল। ওই অর্থ পাওয়ার পর আশ্বস্ত হয়ে তিনি বিনিয়োগ চালিয়ে যান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

তবে পরবর্তী সময়ে বিনিয়োগ করা মূল টাকা ও প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ করেছেন বাদী। এ ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত করছে পুলিশ।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged