নিজস্ব প্রতিবেদক: জুন মাসে হিসাব বছর শেষ হওয়া প্রায় তিন শতাধিক কোম্পানির ডিভিডেন্ড মৌসুম এখন চলছে। এরই মধ্যে বহু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, তবে তাতে বাজারে তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। চলতি সপ্তাহেই আরও প্রায় ২০০ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার যথাযথ নজরদারির ঘাটতির কারণে পতন কাটিয়ে শেয়ারবাজার এখনও উত্থানে ফিরতে পারছে না।
তাদের অভিমত, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ ও সংস্কার উদ্যোগ নিয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক। তবে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তা থেকে বাজারকে বের করে আনতে কার্যকর কোনো উদ্যোগ নেই—যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। একই সঙ্গে ধারাবাহিক দরপতন বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট তৈরি করছে। ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে না ভেবে বর্তমান অস্থিরতা কাটাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন। অন্যথায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারাবে এবং এই অবস্থা চলতে থাকলে নিয়ন্ত্রক সংস্থা তথা বর্তমান কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। তাই বাজারের অস্থিরতা দূর করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এদিকে আজ (২৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.০৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬০.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১০১.৭৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৪টির দর বেড়েছে, ২৮৩টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫০২ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭১ কোটি ৯১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৬টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৪৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৮১.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৬৬.৮১ পয়েন্ট বেড়েছিল।


