সূচক কমলেও বেড়েছে লেনদেন

শেয়ারবাজারে ডিভিডেন্ড মৌসুমেও অস্থিরতা, স্বস্তির আশ্বাস কবে?

সময়: সোমবার, নভেম্বর ৯, ২০২৬ ৩:৩৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জুন মাসে হিসাব বছর শেষ হওয়া প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা সম্পন্ন করেছে। ডিভিডেন্ড ঘোষণার অপেক্ষায় রয়েছে কেবল হাতে গোনা কয়েকটি কোম্পানি, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভালো প্রতিষ্ঠান তেমন নেই। বস্তুত ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো ইতোমধ্যেই ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ঘোষিত ডিভিডেন্ডের পরিমাণও মোটামুটি সন্তোষজনক ছিল। তবুও বাজার স্থিতিশীলতার পথে না গিয়ে টানা দরপতনে ক্রমশ তলানীতে পৌঁছে যাচ্ছে। এমন ইতিবাচক পরিস্থিতির মধ্যেও বাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলে বাজার স্থিতিশীল না হলে বিনিয়োগকারীরা কবে স্বস্তি পাবেন—এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাজার সংশ্লিষ্ট মহল ও বিনিয়োগকারীদের মনে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ডিভিডেন্ড মৌসুমেও বাজার কেন স্থিতিশীল না হয়ে অস্থিতিশীল হয়ে উঠল, তার পেছনের কারণগুলো খতিয়ে দেখা এখন জরুরি। পাশাপাশি কারা বাজারকে অস্থিতিশীল করে নিজেদের সুবিধা আদায় করে নিচ্ছে, তাদের শনাক্ত করে যথাযথ ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো দেশের অর্থনীতিতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার দেশের অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সফলতার পরিচয় দিয়েছে। রিজার্ভ শূন্যের কোঠা থেকে প্রায় ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্রতি মাসেই ধারাবাহিকভাবে বাড়ছে রেমিট্যান্স। প্রায় সব ক্ষেত্রেই বর্তমান সরকার সফলতা দেখালেও ব্যতিক্রম কেবল শেয়ারবাজার। অথচ সবচেয়ে আগে এই খাতেই সর্বাধিক উন্নয়ন ও স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু এখানে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের ভূমিকা ও সঠিক পরিকল্পনার অভাবে শেয়ারবাজার স্থিতিশীল হতে পারছে না। ফলে বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিরা বাজার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তা না হলে বাজারের এমন বেহাল দশা হতো না। তাই বর্তমান সরকারের উচিত বর্তমান কমিশনের পরিবর্তন করে যোগ্য ব্যক্তিদের বিএসইসিতে নিয়োগ দেওয়া। একই সঙ্গে বর্তমান কমিশনকে জিজ্ঞাসা করতে হবে, কেন তারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

এদিকে, আজ (০৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪.৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮.৯০ পয়েন্ট কমে ২ হাজার ৪৯.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ১৯২টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৮ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৫ কোটি ৯০ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ১৫.৭২ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged