নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ কারণে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্টক এক্সচেঞ্জটি।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে গত ২৪ মে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই।
কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই যা শেয়ারদরের সাম্প্রতিক উত্থানের কারণ হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্য অনুযায়ী, গত ১৮ মে হামিদ ফেব্রিক্সের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ১৪ টাকা ৩০ পয়সা। পরবর্তীতে ২৩ মে লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ১৭ টাকা ৪০ পয়সায়।
অর্থাৎ মাত্র চার কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ১০ পয়সা বা প্রায় ২১ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে বাজারকে সতর্ক করেছে ডিএসই।


