আইপিও খরা কাটাতে অনুমোদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে বিএসইসি

সময়: বুধবার, নভেম্বর ১১, ২০২৬ ৯:২২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গতি ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের হারানো আস্থা পুনরুদ্ধারের পাশাপাশি দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আইপিও অনুমোদনের দীর্ঘদিনের জটিলতা ও দীর্ঘসূত্রিতা কমাতে সমন্বিত ‘সিঙ্গেল উইন্ডো’ বা একক পর্যালোচনা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। প্রস্তাবিত এই ব্যবস্থায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনগুলো মূলত স্টক এক্সচেঞ্জগুলো পর্যালোচনা করবে। পর্যালোচনা ও অনুসন্ধান শেষে স্টক এক্সচেঞ্জের নিজস্ব পর্যবেক্ষণ এবং কমিশনের মতামত সমন্বয় করে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে সুপারিশ পাঠানো হবে।

উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে দেশের শেয়ারবাজারে আইপিও কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। সম্প্রতি বেশ কয়েকটি কোম্পানি বাজার থেকে মূলধন সংগ্রহের লক্ষ্যে আইপিওর জন্য আবেদন করেছে। এমন পরিস্থিতিতে নতুন পর্যালোচনা ব্যবস্থা চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, এর ফলে আইপিও অনুমোদনের ক্ষেত্রে একাধিক পর্যায়ে একই ধরনের পর্যালোচনা ও অপ্রয়োজনীয় জটিলতা কমবে। পাশাপাশি আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী হবে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা স্টকব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর নেতিবাচক ইক্যুইটি এবং অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব লোকসান সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যমান নেতিবাচক ইক্যুইটির বিপরীতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ শুরু করতে হবে। তবে এ সুবিধার অপব্যবহার ঠেকাতে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবে না। একই সঙ্গে নেতিবাচক ইক্যুইটির আওতাভুক্ত হিসাবে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। এসব হিসাবে ব্লক মার্কেটে লেনদেনও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বন্ডের লেনদেন সহজ করতে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত ও তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বন্ডগুলোকে স্টক এক্সচেঞ্জের মূল বাজারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বন্ডের ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় আবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য একই ব্যক্তি হওয়ার কারণে এতদিন ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট বা লভ্যাংশ হিসাব পরিচালনার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা সংশোধনের মাধ্যমে শিথিল করা হয়েছে। বিএসইসির এ সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, আইপিও অনুমোদন প্রক্রিয়ায় নতুন ব্যবস্থা চালু, আর্থিক সংকটে থাকা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ানো, বন্ডের মূল বাজারে স্থানান্তর এবং লভ্যাংশ হিসাব পরিচালনার বিধিনিষেধ শিথিল করার মতো সিদ্ধান্তগুলো পুঁজিবাজারের সামগ্রিক সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এসব সিদ্ধান্তের সুফল পেতে হলে যথাযথ বাস্তবায়ন ও কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি।

Share
নিউজটি ৮ বার পড়া হয়েছে ।
Tagged