নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের দীর্ঘদিনের জমে থাকা ঋণাত্মক মূলধন (নেগেটিভ ইক্যুইটি) এবং অবাস্তবায়িত লোকসান (আনরিয়েলাইজড লস) সমন্বয়ের জন্য ২০৩০ সাল পর্যন্ত সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে চলতি বছরে নতুন করে কোনো ঋণাত্মক মূলধন সৃষ্টি হলে তা ২০২৬ সালের মধ্যেই সমন্বয় করতে হবে।
একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর কোনো ধরনের আর্থিক দায় চাপানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এসব হিসাবের বিপরীতে মার্জিন ঋণের সুদ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আদায়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বিস্তারিত তথ্য জানিয়েছেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের যে পরিমাণ নেগেটিভ ইক্যুইটি থাকবে, সেটিই সমন্বয়ের ক্ষেত্রে ভিত্তি হিসেবে বিবেচিত হবে। এই ঋণাত্মক মূলধনের বিপরীতে ২০২৭ সাল থেকে প্রতিবছর কমপক্ষে ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর আগেই সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের জন্য পূর্বে নেওয়া সিদ্ধান্তই বহাল থাকবে।
তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে চলতি বছরের অবশিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের নতুন করে ঋণাত্মক মূলধন তৈরি হলে সেটি ২০২৬ সালের মধ্যেই সমন্বয় করতে হবে। নতুন করে সৃষ্ট এই আর্থিক ঘাটতির বিপরীতে পরবর্তী বছরগুলোতে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ রাখা হয়নি। অর্থাৎ বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের ক্ষেত্রে সময় বাড়ানো হলেও নতুন করে তৈরি হওয়া ঘাটতির জন্য কোনো ছাড় দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা।
নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাব পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএসইসি। এসব হিসাবে আগে থেকে থাকা শেয়ার বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যবহার করে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার সুযোগ রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে পারবেন। তবে এ ধরনের শেয়ার কেনার জন্য নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত এসব বিও হিসাবে ব্লক মার্কেটে কোনো ধরনের লেনদেন করা যাবে না।
এ ছাড়া নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের জন্য নির্ধারিত বর্ধিত সময়ের পুরোটা জুড়ে সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এসব হিসাবের কারণে কোনো দাবি বা আর্থিক দায় সৃষ্টি হলেও তার জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। এমনকি তাদের ওপর কোনো ধরনের আর্থিক দায় চাপানোর সুযোগও থাকবে না। ফলে নেগেটিভ ইক্যুইটির কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টির সুযোগ বন্ধ হবে।
অন্যদিকে, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে লোকসান সমন্বয়ের জন্য বাড়তি সময় দেওয়ার পাশাপাশি নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা কোনো নগদ লভ্যাংশ ঘোষণা কিংবা বিতরণ করতে পারবে না। অর্থাৎ বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সম্পূর্ণ সমন্বয় না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানকে নগদ লভ্যাংশ বিতরণ থেকে বিরত থাকতে হবে।
বিএসইসির মতে, নতুন সিদ্ধান্তের ফলে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের দীর্ঘদিনের জমে থাকা নেগেটিভ ইক্যুইটি এবং অবাস্তবায়িত লোকসান পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং পুঁজিবাজারের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে। কমিশনের প্রত্যাশা, এ ধরনের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
এদিকে, একই কমিশন সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলো স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু এখনো সেগুলো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার প্রতিষ্ঠানকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।
একই সময়সীমার মধ্যে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর অথবা প্রয়োজনীয় তালিকাভুক্তির ব্যবস্থা গ্রহণের জন্য স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা এবং সংশ্লিষ্ট শর্ত পূরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের পর স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।


