সূচক কমলেও বেড়েছে লেনদেন

উত্থানেই শেষ হলো লেনদেন, তবুও সন্তুষ্ট নন বিনিয়োগকারীরা

সময়: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:২০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজও (১৬ সেপ্টেম্বর) শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, মঙ্গলবারের সূচক বৃদ্ধির ধারাবাহিকতা আজকের লেনদেনে বজায় থাকেনি। গতকাল দিনশেষে সূচক প্রায় ৯৩ পয়েন্ট বাড়লেও আজ তা মাত্র প্রায় ২১ পয়েন্ট বেড়েছে, যা হতাশাজনক। গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচকের ঊর্ধ্বগতি ছিল। কিন্তু আজ তার বিপরীত চিত্র দেখা গেছে। সূচকের ওঠানামায় অস্থিরতা থাকায় অনেকেই লেনদেন কমিয়ে দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি বোঝার জন্য অনেকে বাজার পর্যবেক্ষণ করেছেন। তবে দিনশেষে সূচকের যে পরিমাণ বৃদ্ধি হয়েছে, তা সন্তোষজনক নয়। যদিও বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাজার উন্নয়নে কিছু প্রস্তাবনা ও উদ্যোগের কথা জানানো হয়। এরপরও বাজার প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়ায়নি। এখন আগামী দিনগুলোতে কী হয়, সেদিকেই নজর থাকবে। তবে পতন ঠেকাতে বাজার মনিটরিং অত্যন্ত জরুরি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৪.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯.২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯২.৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৫৫৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫১ কোটি ৩৪ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৩.৩১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৪.৬০ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged