নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল। পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই সূচক ঊর্ধ্বমুখী থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর প্রভাবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহের ব্যবধানে ৭ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টানা তিন সপ্তাহে বাজার মূলধনের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকারও বেশি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে এবং ১৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। ফলে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা।
এর আগে টানা দুই সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ১১ হাজার ৩০৮ কোটি টাকা। ফলে তিন সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন মোট ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজার মূলধনের পাশাপাশি বিদায়ী সপ্তাহে সবকটি প্রধান মূল্যসূচকও ঊর্ধ্বমুখী ছিল। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬ দশমিক ৩০ পয়েন্ট, যা শতাংশের হিসাবে ১ দশমিক ৬৬ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি ৬০ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ এবং তার আগের সপ্তাহে ৯১ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ফলে টানা তিন সপ্তাহে ডিএসইএক্স সূচকের মোট উত্থান হয়েছে ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট।
অপরদিকে, ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বিদায়ী সপ্তাহে ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে সূচকটির উত্থান ছিল ২০ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ এবং তার আগের সপ্তাহে বেড়েছিল ২৫ দশমিক ২৮ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ।
এছাড়া, বাছাইকৃত ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক সপ্তাহজুড়ে ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং তার আগের সপ্তাহে ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ।
সূচকের পাশাপাশি লেনদেনের গতিতেও উন্নতি হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন ছিল ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন ৯০ কোটি ৯৯ লাখ টাকা, বা ৬ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


