নিজস্ব প্রতিবেদক: চেয়ারম্যান অপসারণের দাবিকে কেন্দ্র করে চলে যাওয়া গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট প্রি-ম্যাচিউরড বা মেয়াদ পূর্ণ হওয়ার আগে বন্ধ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে ব্যাংকটি।
সম্প্রতি ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহক চলতি বছরের ১ থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে তাদের MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা এই বিশেষ সুবিধা পাবেন।
ক্ষতিগ্রস্ত এই গ্রাহকরা যদি আগামী ৩০ জুন-এর মধ্যে তাদের উক্ত হিসাবগুলো পুনরায় চালু করেন, তবে ব্যাংক কর্তৃপক্ষ সব খরচ মওকুফ করে দেবে। একই সঙ্গে অ্যাকাউন্টগুলোকে নিয়মিত বা চলমান হিসেবে গণ্য করা হবে।
আগ্রহী গ্রাহকদের এই সুবিধা গ্রহণ করতে দ্রুত নিজ নিজ শাখায় যোগাযোগ করার জন্য ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, চেয়ারম্যান নিয়োগ ঘিরে সৃষ্ট অস্থিরতার পর গ্রাহক ফেরাতে এই উদ্যোগ ইতিবাচক। তবে দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা ফেরাতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।


