সূচক কমলেও বেড়েছে লেনদেন

পাঁচ দিনের টানা পতনের পর শেয়ারবাজারে উত্থানের ছোঁয়া

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:০৫:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা পাঁচ কর্মদিবসের পতনের পর আজ (১৫ সেপ্টেম্বর) শেয়ারবাজার আবারও উত্থানের মুখ দেখেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, সেই সঙ্গে টাকার অঙ্কেও লেনদেন বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও বৃদ্ধি পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘ পতনের পর তলানিতে পৌঁছানোর পর হঠাৎ উত্থানে খুব বেশি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ টানা পতনে সূচকের যে পরিমাণ পয়েন্ট কমেছে, তা পুনরুদ্ধার করতে হবে। আর বাজারে উত্থানের ধারা ধরে রাখতে পারলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং লেনদেনে তাদের অংশগ্রহণও বাড়বে। বর্তমান কমিশন বাজার উন্নয়নে যে পদক্ষেপ ও সংস্কার উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। তবে সবকিছুর আগে বাজারকে স্থিতিশীল রাখতে হবে। বাজারে ধারাবাহিক পতনের কারণ খুঁজে বের করে তা থেকে উত্তরণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আজকের বাজার শুরু থেকেই ইতিবাচক ছিল। এই ধারাবাহিকতা বজায় রাখা গেলে বিনিয়োগকারীদের মনে আবারও বাজারের প্রতি আস্থা বাড়বে। ধারাবাহিক দরপতনের কারণে বর্তমান কমিশন বিতর্কিত হয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে তাদের সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে উত্থানের ধারা ধরে রেখে বাজারকে আগের চেয়েও ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। পাশাপাশি এই ধারা অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ ও সংস্কার করতে হবে। তবেই বিনিয়োগকারীদের মনে থাকা আস্থার সংকট দূর হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩.৫১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ২৪.৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭.৭০ পয়েন্টে পৌঁছেছে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৩৬টির দর বেড়েছে, ২১টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত থেকেছে।

ডিএসইতে এদিন প্রায় ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৮ কোটি ৩১ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত থেকেছে ১৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৯৮.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ১৬১.৯৭ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged