ছয় মাসের জন্য অলিম্পিক সিমেন্টের উৎপাদনসেবা নেবে হাইডেলবার্গ

সময়: বুধবার, নভেম্বর ২৫, ২০২৬ ১২:২৬:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি বরিশালের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন করেছে।

চুক্তির আওতায় অলিম্পিক সিমেন্ট লিমিটেড হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের জন্য সিমেন্ট উৎপাদন করবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল ও প্যাকেজিং উপকরণ সরবরাহ করবে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ। পাশাপাশি উৎপাদিত সিমেন্টের গুণগত মান কোম্পানিটির নির্ধারিত স্পেসিফিকেশন এবং প্রযোজ্য নিয়ন্ত্রক সংস্থার মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করতে হবে।

কোম্পানিটি জানিয়েছে, এ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন ও পরিচালন কার্যক্রমে নমনীয়তা বাড়বে। একই সঙ্গে ব্যবসায়িক প্রয়োজন মেটাতে উৎপাদন কার্যক্রম পরিচালনায় বাড়তি সুবিধা পাওয়া যাবে।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ হবে ছয় মাস। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ রাখা হয়েছে।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged