নিজস্ব প্রতিবেদক: টানা চারদিন ধরে শেয়ারবাজারে উত্থান চলার পর স্বাভাবিক দর সংশোধনের সম্ভাবনা থাকলেও আজ (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুই সূচক বেড়েছে, অন্যদিকে একটি সূচক সামান্য কমেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ টাকার অংকে কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য অনুকূল। গত চারদিনে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। তারা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করেই বিনিয়োগ করছেন, যার প্রমাণ আজকের বাজার পরিস্থিতি। শুরুতে সূচক বাড়লেও বেলা ১১টার পর তা নিম্নমুখী হয়। এতে ধারণা করা হচ্ছিল দিন শেষে পতন ঘটতে পারে, কিন্তু শেষ মুহূর্তে সূচক সামান্য বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আরও জোরদার হয়েছে। অনেকে দর সংশোধনের আশঙ্কায় লেনদেন থেকে বিরত থাকেন, আবার কেউ কম দরে শেয়ার কিনলেও শেষ পর্যন্ত সূচক পতন এড়িয়ে উত্থানে রূপ নেয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২২.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৬.৪৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৮টির শেয়ারদর বেড়েছে, ১৫৮টির কমেছে এবং ৬৩টির অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১৯ কোটি ৫২ লাখ টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে কম। ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৩৭টির অপরিবর্তিত রয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.৩১ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫২.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ১৯৭.২০ পয়েন্ট বেড়েছিল।


