সূচক কমলেও বেড়েছে লেনদেন

দর সংশোধন শেষে উত্থানে ফিরল পুঁজিবাজার

সময়: মঙ্গলবার, জুন ৯, ২০২৬ ২:৫০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দশ কার্যদিবস মূল্যসূচক বাড়ার পর গতকাল (০৮ জুন) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেলেও আজ (০৯ জুন) আবারও উর্ধ্বমুখী হয়েছে বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সম্প্রতি সরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশন গঠন করেছে, যা শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে মহাপতনের পর সূচক যতটুকু বেড়েছিল, তার চেয়ে বেশি পতন ঘটেছিল। তবে বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। সূচক যতটা কমছে, তার চেয়ে বেশি বাড়ছে। এখন স্বাভাবিক ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। সংক্ষেপে বললে, বাজারে এখন সুবাতাস বইছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৯.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮০.১৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩১৫ কোটি ৩৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৩৮ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.২৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩১৫.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতবার এই সূচক ৮৪.৭০ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged