পুঁজিবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগকে স্বাগত জানাল বিএমবিএ

সময়: বুধবার, জুলাই ১, ২০২৬ ৫:২৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে পুঁজিবাজারকেন্দ্রিক যে সব ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

বিএমবিএ মনে করে, বাজেটে ঘোষিত সময়োপযোগী ও বাস্তবমুখী এসব উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে, নতুন বিনিয়োগ বাড়াতে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা তৈরিতে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটি বিশেষভাবে কয়েকটি বিষয়কে স্বাগত জানিয়েছে—সেগুলো হলো প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে করছাড়, লভ্যাংশ সংক্রান্ত সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের করকাঠামোর যৌক্তিক সমন্বয়। এই সময়োপযোগী উদ্যোগগুলোর জন্য মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন সরকার ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এছাড়া বিএমবিএ জানিয়েছে, ভবিষ্যতেও তারা পুঁজিবাজারের আধুনিকায়ন, টেকসই বিনিয়োগবান্ধব পরিবেশ গঠন এবং সরকারের সংস্কারমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব পক্ষের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share
নিউজটি ৬৩ বার পড়া হয়েছে ।
Tagged