নিজস্ব প্রতিবেদক : অনলাইন সংবাদমাধ্যমে ‘সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের তিন মাস সময়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানে পৃথক ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই আর্থিক প্রতিষ্ঠান—প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ওই অনলাইন প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিনই দুই প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা জানাতে চিঠি পাঠায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। পরে ১২ জুলাই পৃথক চিঠির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রতিষ্ঠান দুটি।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ডিএসইকে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক তাদের প্রতিষ্ঠানকে শর্তগুলো পূরণ করতে এবং আর্থিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে তিন মাস সময় দিয়েছে। তারা আরও জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের আরোপিত শর্তগুলো মেনে চলতে তারা কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো পরিপালনে সক্ষম হবে বলে আশা করছে।
অন্যদিকে, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ডিএসইকে জানিয়েছে, ওই প্রতিবেদনটি কেবল একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়া শুধুমাত্র সেই সংবাদভিত্তিক কোনো মন্তব্য বা তথ্য নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।


