নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিনের উত্থানের পর আজ (২৩ মে) সপ্তাহের প্রথম কার্যদিবসেও ইতিবাচক ধারায় শুর হয়েছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকই বেড়েছে, বেড়েছে টাকার অংকে লেনদেনও। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিছুটা কমছে। আগামী ঈদকে সামনে রেখে কেনাকাটার পাশাপাশি বিনিয়োগকারীরা শেয়ারবাজারেও সক্রিয় হচ্ছেন। যদিও কিছুদিন আগে যুদ্ধজনিত কারণে দরপতনে বিনিয়োগকারীরা অস্বস্তিতে ছিলেন, তবে তেমন ধস নামেনি। বরং ঈদের আগে সূচক ও লেনদেন বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগ্রত হয়েছে। তাঁরা মনে করছেন, ঈদের পর বাজার আরও উর্ধ্বমুখী ও স্থিতিশীল হবে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, শনিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮.৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে ৭.৫৬ পয়েন্টে। এ সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৭০.০৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৪.৯৮ পয়েন্ট বাড়ায় এর অবস্থান হয়েছে ২ হাজার ৩০.৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৭টির শেয়ারদর বেড়েছে, ১১৭টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ প্রায় ৯০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার চেয়ে ৩৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সেখানে গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৩৯ লাখ টাকা।
সিএসইতে ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.০৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬১.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কার্যদিবসে সূচকটি ২১.৩১ পয়েন্ট বেড়েছিল।


