নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা পতনের ধারা অব্যাহত রয়েছে। আজ (১৯ আগস্ট) ষষ্ঠ কার্যদিবসের মাথায়ও পড়েছে সূচক, কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকেই দরপতন দেখা গেছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর হ্রাস পেয়েছে।
বাজারবিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে তৈরি হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার নতুন কমিশনকেও কার্যকরীভাবে মাঠে নামতে দিচ্ছে না। ফলে বাজার ঘুরে দাঁড়ানোর বদলে আরও দুর্বল হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল, তা ক্রমেই ফিকে হয়ে আসছে। যদিও বিনিয়োগকারীরা এখনও আশাবাদী, তবে তারা উদ্বিগ্ন যে এই নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে বাজারে আস্থার সংকট তৈরি হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার তেমন কোনো সক্রিয়তা বা উদ্যোগ চোখে পড়ছে না, যা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব বাড়িয়েছে।
তবে বর্তমান দরপতনকে অনেকে সুযোগ হিসেবেও দেখছেন। তাঁদের মতে, এখন কম দামে ভালো শেয়ার কিনে রাখলে ভবিষ্যতে উর্ধ্বগতির সময় মুনাফা করা সম্ভব। তাঁরা মনে করছেন, এই নেতিবাচক পরিস্থিতি চিরস্থায়ী নয়, বাজার আবারও ঘুরে দাঁড়াবে এবং সূচক ও লেনদেন নতুন রেকর্ড গড়বে। তাই সাবধানতার সঙ্গে ভালো শেয়ার সংগ্রহে রাখার পরামর্শ দিচ্ছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার (সপ্তাহের চতুর্থ কার্যদিবস) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬৯.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫১.১৫ পয়েন্ট হয়েছে, আর ডিএসই-৩০ সূচক ১.৫০ পয়েন্ট কমে ২ হাজার ১৬২.৯৬ পয়েন্টে রয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪০টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের অঙ্কে ডিএসইতে আজ প্রায় ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গতকাল ছিল প্রায় ৯৯৮ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২৬৫ কোটি ২৭ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে গতকাল ছিল ৭৩ কোটি ২২ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দর বেড়েছে, ১১৭টির দর কমেছে এবং ৩৪টির অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১৯.২৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৯৪.১২ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন এটি কমেছিল ১১০.৭২ পয়েন্ট।


