নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আর মাত্র দুই কার্যদিবস পর সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে। কোম্পানি দুটি হলো— ব্র্যাক ব্যাংক ও মেঘনা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে আগামীকাল এবং ১৪ মে— এই দুই কার্যদিবস কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে ব্লক হিসেবে লেনদেন হবে। ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য বিনিয়োগকারীদের রেকর্ড ডেট পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ধারণ বা ক্রয় করতে হবে। তবে রেকর্ড ডেটের আগেই কেউ শেয়ার বিক্রি করলে তিনি ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন না।
ঘোষিত ডিভিডেন্ডের মধ্যে ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে মেঘনা ইন্স্যুরেন্স ঘোষণা করেছে ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে আগামী ১১ জুন সকাল ১১টায় ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৬ টাকা ১৮ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৫১ টাকা ৫৬ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।
এছাড়া আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭২ টাকা ৭২ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৫৪ টাকা ১৪ পয়সা।
অন্যদিকে মেঘনা ইন্স্যুরেন্সের ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ জুন সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সায়, যেখানে আগের বছর তা ছিল ১৪ টাকা ২৬ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা।


