নিজস্ব প্রতিবেদক: টানা পতনের পর অবশেষে স্বস্তি এনেছে শেয়ারবাজার। আজ (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, বাড়তি টাকার অঙ্কে লেনদেন হয়েছে। দর বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের। আর সবচেয়ে বড় খবর হলো—৯ কার্যদিবস পর ডিএসইতে লেনদেন আবার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এক দিনের এই উত্থান বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত বলে মন্তব্য করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, সম্প্রতি ধীরগতিতে পতন ঘটলেও আজ স্বাভাবিক গতিতেই সূচকের উত্থান হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণও ছিল ইতিবাচক। তারা আতঙ্কমুক্ত হয়ে লেনদেন করায় লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। আশা করা যায়, আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হলে এর প্রভাব শেয়ারবাজারে পড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৯.৯৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩.৫১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৪.১৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৯৮৯.১৭ পয়েন্ট।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৩৮টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে প্রায় ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। আজ সিএসইতে ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এই পরিমাণ ছিল ২০ কোটি ৫১ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৭.১৪ পয়েন্টে। আগের দিন সূচকটি ৩.৯৩ পয়েন্ট কমেছিল।


