নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে আজ সোমবার (২৯ জুন) থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অফিস শুরু করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি বিএসইসি কার্যালয়ে প্রবেশ করেন। কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএসইসিতে যোগদানের একদিন পরই ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাসুদ খান। ২০ দিনের ছুটি শেষে তিনি গতকাল রোববার (২৮ জুন) দেশে প্রত্যাবর্তন করেন।
মাসুদ খানের অনুপস্থিতিতে কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনার তানভীর হাবিব রহমানকে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের রুটিন কার্যক্রম পালন করেন।
প্রসঙ্গত, গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। ওই দিনই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগদান করেন।


