৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনবে পূবালী ব্যাংক

সময়: বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ ১২:৫১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি (Pubali Bank PLC) নতুন করপোরেট প্রধান কার্যালয় (Corporate Head Office) স্থাপনের লক্ষ্যে রাজধানীর তেজগাঁও লিংক রোডে অবস্থিত একটি জমি ও নির্মাণাধীন বহুতল ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ২২ জুলাই অনুষ্ঠিত সভায় অনুমোদন দিয়েছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকটি ৯৫ দশমিক ১০ ডেসিমেল বা ৫৭ দশমিক ৬৪ কাঠা আয়তনের জমির সঙ্গে ‘সুইস টাওয়ার’ নামে ২৬ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন, যার মধ্যে ৩টি বেজমেন্ট ফ্লোর রয়েছে, তা অধিগ্রহণ করবে। ভবনটি রাজধানীর ২০৮, বীর উত্তম মীর শওকত সড়ক (তেজগাঁও লিংক রোড), ঢাকা-এ অবস্থিত।

এই সম্পদ অধিগ্রহণে ব্যাংকটির মোট ব্যয় হবে ৮০০ কোটি টাকা। এই ব্যয়ের মধ্যে আয়কর (Income Tax) অন্তর্ভুক্ত থাকলেও ভ্যাট (VAT) অন্তর্ভুক্ত নয়।

তবে এই সিদ্ধান্ত কার্যকর হতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পরই ব্যাংকটি নতুন করপোরেট প্রধান কার্যালয় স্থাপনের লক্ষ্যে জমি ও নির্মাণাধীন ভবনটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পূবালী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে ৮০০ কোটি টাকার এই বিনিয়োগ ব্যাংকের আর্থিক অবস্থার ওপর কেমন প্রভাব ফেলবে, তা দেখার বিষয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এবং ভবনটি চালু হলে ব্যাংকের পরিচালন দক্ষতা ও সেবার মান বাড়বে বলে আশা করছেন তারা।

Share
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।
Tagged