সূচক কমলেও বেড়েছে লেনদেন

যুদ্ধের প্রভাবে ডিএসই-সিএসইতে দরপতনের ঝড়

সময়: রবিবার, এপ্রিল ৫, ২০২৬ ২:৪৯:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই বৈশ্বিক অস্থিরতা আন্তর্জাতিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে জ্বালানি খাতে সৃষ্ট অনিশ্চয়তা দেশের শিল্পখাতসহ বিভিন্ন সেক্টরে ধাক্কা দিয়েছে, যার প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় শেয়ারবাজার স্থিতিশীলতা হারিয়েছে। চলতি সপ্তাহে যুদ্ধপরিস্থিতির আরও অবনতি হওয়ায় সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেন উল্লেখযোগ্য হারে কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আন্তর্জাতিক টানাপোড়নের প্রভাবে শেয়ারবাজারে পতন হয়েছে, কিন্তু এতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা এবং লেনদেনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১২.২৭ পয়েন্টে। এদিন অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ১৮.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.০২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৫.৩৩ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির প্রতিষ্ঠানের।

লেনদেনের পরিমাণেও বড় পতন দেখা গেছে। ডিএসইতে এদিন প্রায় ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের লেনদেন প্রায় ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার তুলনায় কমেছে প্রায় ১১৪ কোটি টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসইতে আজ ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; আগের দিন যেখানে লেনদেন হয়েছিল ৯ কোটি ৭ লাখ টাকার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ২৩৭.০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৬৪.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ৮৩.৩৬ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৯ বার পড়া হয়েছে ।
Tagged