নিজস্ব প্রতিবেদক: দেশের বড় পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে জোরালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত শেয়ারবাজারের অংশীজনদের ষষ্ঠ মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ ও মোঃ সাইফুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫—এই তিনটি বিধিমালার মাধ্যমে শেয়ারবাজারের আইনি সংস্কারের একটি বড় অংশ সম্পন্ন হয়েছে।” তিনি আরও জানান, কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নতুন বিধিমালাও শিগগির প্রণয়ন করা হবে।
সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সমন্বয় সভায় শেয়ারবাজার সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এর মধ্যে ছিল—বাজার উন্নয়নের চলমান কার্যক্রম, ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে উন্নীত হওয়ার পরিকল্পনা, ই-কেওয়াইসি চালু, কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বড় পাবলিক ইন্টারেস্ট কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ।
এছাড়াও আলোচনায় গুরুত্ব পায় করপোরেট সুশাসন জোরদার, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর নিবন্ধন ও সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণ, নতুন পণ্য চালু ও বাজারে বৈচিত্র্য আনা, কারসাজি প্রতিরোধ এবং প্রাইস সেনসেটিভ তথ্যের সঠিকতা নিশ্চিত করা।
পাশাপাশি নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের সমাধান এবং বিনিয়োগকারীদের সুরক্ষা ও আস্থা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিসিবিএলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদারসহ অন্যান্য সংশ্লিষ্টরা।


