সূচক কমলেও বেড়েছে লেনদেন

অস্থির সূচকে শেষ হলো সপ্তাহ, দুর্বল মনিটরিংয়ের সুযোগ নিচ্ছে অসাধু চক্র

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ ৩:০৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আজ (৩ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের অস্থির ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। পাশাপাশি, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও পতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ লেনদেন শুরুর সময় সূচক বাড়লেও মধ্যাহ্নের পর থেকে এর গতিবিধি কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে। এতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থার বাজার তদারকিতে দুর্বলতার কারণে একটি অসাধু চক্র সুযোগ নিচ্ছে। এই চক্র নিজেদের স্বার্থে বিনিয়োগকারীদের মধ্যে নানাভাবে আতঙ্ক ছড়ায়, যাতে তারা ভয়ে কম দামে শেয়ার বিক্রি করে দেয় এবং চক্রটি সেগুলো কেনার সুযোগ পায়। তবে বিনিয়োগকারীরা এখন আগের তুলনায় বেশি সচেতন। ফলে বাজার পড়তে দেখলেই তারা তাড়াহুড়ো করে শেয়ার বিক্রি না করে ধরে রাখেন। এ কারণেই সূচকের ধীরগতির মধ্যে টাকার অঙ্কে লেনদেন হ্রাস পায়। কিন্তু বাজার মনিটরিং যেভাবে প্রয়োজন, সেভাবে হচ্ছে না—যার কারণে বাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজর দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০.৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ২২৬টির দর কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৭২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতবার ছিল ৭৩১ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে গতদিন ছিল ২৩ কোটি ৮৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, ৮৬টির দর কমেছে এবং ২২টির অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১৪.০৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭২.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও গতদিন এটি ৫৬.২২ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged