মার্চে বিদেশি বিনিয়োগে ভাটা, বিক্রির চাপে বাজারে নেতিবাচক প্রবণতা

সময়: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১২:৪৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দুই মাস শেয়ার কেনায় সক্রিয় থাকার পর মার্চে এসে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আচরণে বড় পরিবর্তন দেখা গেছে। গত মাসে তারা উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি করেছেন, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৫০ কোটি টাকার শেয়ার কিনলেও বিক্রি করেছেন ২২১ কোটি টাকার শেয়ার। ফলে মাসজুড়ে তারা নিট বিক্রেতা হিসেবে অবস্থান নিয়েছেন।

এ সময় বিদেশিদের মোট লেনদেন (কেনা-বেচা মিলিয়ে) দাঁড়িয়েছে ২৭২ কোটি টাকা, যা আগের দুই মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। জানুয়ারিতে এ পরিমাণ ছিল ৩৭৭ কোটি টাকা এবং ফেব্রুয়ারিতে তা বেড়ে ৬৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছিল। সেই তুলনায় মার্চে লেনদেন প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের প্রতি আস্থার কারণে শুরুতে বিদেশি বিনিয়োগ কিছুটা বাড়লেও পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতির অবনতি এতে প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করেছে, যা জ্বালানি বাজারসহ বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের মনোভাবেও পরিবর্তন এসেছে।

তথ্য অনুযায়ী, দেশের শেয়ারবাজারে বিদেশি অংশগ্রহণ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কমছে। ২০১৬ সালে এ হার ছিল ৩ দশমিক ৬৮ শতাংশ, যা ২০২০ সালে বেড়ে ৩ দশমিক ৮৫ শতাংশে পৌঁছায়। তবে ২০২২ ও ২০২৩ সালে তা যথাক্রমে ০ দশমিক ৮৯ শতাংশ ও ০ দশমিক ৭৭ শতাংশে নেমে আসে। ২০২৪ সালে কিছুটা উন্নতি হলেও তা আগের উচ্চ অবস্থানের তুলনায় এখনও অনেক কম রয়েছে।

Share
নিউজটি ৯ বার পড়া হয়েছে ।
Tagged