নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দর সংশোধনের পর আজ (২২ সেপ্টেম্বর) লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক নিম্নমুখী হলেও বাকি দুই সূচক বেড়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও সামান্য বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আগের দিনের দর সংশোধনের পর বাজার আবার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। আজ সূচকের ওঠানামায় কিছুটা অস্থিরতা দেখা গেছে। এতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে দ্বিধায় ছিলেন। অনেকেই লেনদেনের পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সাম্প্রতিক টানা দরপতনে অনেকেই সতর্কতার সঙ্গে লেনদেন করেছেন, যাতে নিজেদের পুঁজি সুরক্ষিত থাকে। যেহেতু বাজারের কোনো কিছুই স্থায়ী নয়, তাই বাজার নিয়ে আতঙ্ক যেমন আছে, তেমনি প্রত্যাশাও আছে। নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার মনিটরিং করে বাজারকে স্থিতিশীল রাখা, যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে লেনদেনে অংশ নিতে পারেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসইএস ১.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬.১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৩টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৯১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ৮৫টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৮১৫.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৪.০৮ পয়েন্ট কমেছিল।


