বীমা খাতে নিরীক্ষা জোরদারে নতুন ৭ সিএমএ ফার্ম তালিকাভুক্ত

সময়: সোমবার, মে ৪, ২০২৬ ৭:৩৬:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিরীক্ষা কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে নতুন করে সাতটি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্মকে তালিকাভুক্ত করা হয়েছে।

আইডিআরএর প্রশাসন বিভাগের পরিচালক বিশ্বজিত কুমার পালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নব-অন্তর্ভুক্ত এই ফার্মগুলো এখন থেকে বীমা খাতের কস্ট অডিট ও পারফরম্যান্স অডিট কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে।

নতুন তালিকাভুক্ত ফার্মগুলো হলো— এ হান্নান অ্যান্ড কোং, হোসেন অ্যান্ড কোং, মুজিবুর রহমান অ্যান্ড কোং, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং, সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং স্যাম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

বিশ্লেষকদের মতে, কস্ট অডিটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত হিসাব ও নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়, যা ব্যয়ের সঠিকতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে পারফরম্যান্স অডিটের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম কতটা দক্ষতা, কার্যকারিতা ও সাশ্রয়ীভাবে পরিচালিত হচ্ছে—তার একটি সার্বিক মূল্যায়ন পাওয়া যায়।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ফার্মগুলোর অন্তর্ভুক্তির ফলে বীমা খাতে পেশাদার নিরীক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া আরও কার্যকর হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged