ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে ডিএসইর ওয়েবভিত্তিক অর্ডার সিস্টেম নিয়ে কর্মশালা

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:৪৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের (ওইএমএফ) ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য একটি ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম উন্নয়নের লক্ষ্যে গতকাল ৭ সেপ্টেম্বর ২০২৬ কর্মশালার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই প্ল্যাটফর্মের আওতায় ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় (সৃষ্টি) এবং বিক্রয়/রিডেম্পশন (পুনঃক্রয়) কার্যক্রমের জন্য একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম চালুর উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন যারা:
কর্মশালায় বিএসইসি কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম; নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক; ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির মিউচুয়াল ফান্ড, সিআইএস ও সিকিউরিটাইজেশন বিভাগের কর্মকর্তা ও ডিএসই কর্মকর্তারা অংশ নেন।

প্ল্যাটফর্মের গুরুত্ব নিয়ে বক্তব্য:
প্রধান অতিথি বিএসইসি কমিশনার মো. নাফিজ আল তারিক বলেন, এই প্ল্যাটফর্মটি দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। তিনি বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণ ও মিউচুয়াল ফান্ড শিল্পকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ‘বিনিয়োগকারীদের সমন্বিত সুবিধা ও পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ সৃষ্টি করে এক্সচেঞ্জকে আধুনিকায়নের সুস্পষ্ট ভিশন আমাদের রয়েছে। এই প্ল্যাটফর্ম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহজ, সুবিধাজনক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সিস্টেমের বৈশিষ্ট্য ও সুবিধা:
কর্মশালায় প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেমের বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ডিএসইর জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের।

এই উদ্যোগে বিনিয়োগকারীরা ডিএসইর ওয়েবভিত্তিক ব্যবস্থার আওতায় সহজে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও রিডেম্পশন করতে পারবেন। প্ল্যাটফর্মটি ডেস্কটপ ও মোবাইল—উভয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারযোগ্য হবে।

ইউনিট বিক্রয় ও রিডেম্পশন সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজার কর্তৃক ঘোষিত মূল্যে সম্পন্ন হবে এবং বিএসইসি (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী পরিচালিত হবে। ডিএসইর প্রতিটি স্টক ব্রোকার সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজারের সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের সহযোগিতা করবে।

এ উদ্যোগ পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় আর্থিক পণ্য ও সেবা প্রবর্তনে ডিএসইর বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged