সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঘুরে ফিরে দরপতন, আস্থার সংকটে বিনিয়োগকারীরা

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ ৩:১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গতকাল সূচক সামান্য বাড়লেও আজ (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে পতনের মধ্য দিয়ে। যদিও আজ সূচক কমেছে, তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই পতন শেয়ারবাজারকে আবারও নিম্নমুখী করছে। এতে বর্তমান সরকারের আমলে শেয়ারবাজারে অর্জিত সাফল্য ঝাপসা হয়ে যাচ্ছে। কেননা, সরকার দায়িত্ব নেওয়ার পর সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণে বাড়লেও নতুন কমিশন গঠনের পর থেকেই অজ্ঞাত কারণে বাজার ক্রমাগত পতনের মুখে পড়েছে, যা বিনিয়োগকারীদের কাছে অপ্রত্যাশিত।

সরকার বিনিয়োগকারীদের স্বার্থে ও বাজার উন্নয়নে নতুন কমিশন গঠন করলেও কমিশন সেই সাফল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তারা সংস্কার ও উদ্যোগের কথা বললেও বাস্তবে পতন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না—যা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের প্রথম কর্তব্য বাজার স্থিতিশীল ও গতিশীল করা, কিন্তু তারা শুধু সভা-বক্তৃতায় সময় পার করছে। ফলে বিনিয়োগকারীরা কমিশনের প্রতি আস্থা হারিয়েছেন। তাঁদের দাবি, বর্তমান কমিশনকে সরিয়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন করা হোক। অন্যথায় বাজার পরিস্থিতি আরও করুণ হতে পারে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৯.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০০ পয়েন্ট কমে ১ হাজার ১০৯.৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৮.২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ২৫২টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ৫৯০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ৫৭১ কোটি ৩২ লাখ টাকার তুলনায় প্রায় ১৯ কোটি ১১ লাখ টাকা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ১৮ কোটি ৮৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, ১১৫টির দর কমেছে এবং ২২টির অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯২৭.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি ৮২.০৮ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged