সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিএসইসির ব্যাখ্যার পর ঘুরে দাঁড়ালো বাজার, বাড়লো সূচক ও লেনদেন

সময়: বুধবার, জুন ২৪, ২০২৬ ২:৫০:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলে দেশের শেয়ারবাজার ছিল চরম সংকটে। দীর্ঘ পতনের ধারায় সেই সময় বাজার প্রায় ধ্বংসের মুখে পৌঁছেছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার আরও স্থিতিশীল হয় এবং ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়তে থাকে।

কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও দোসর চক্রগুলি নানা গুজব ছড়িয়ে শেয়ারবাজারে অস্বাভাবিক পতন ঘটানোর চেষ্টা চালায়, যা ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে। গতকাল এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের অনুচররা এখনও দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করতে নানা কুচক্রান্তে লিপ্ত রয়েছে। শেয়ারবাজার দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থাকে শুধু বিবৃতি দিয়ে কাজ শেষ নয়; বাজার নিয়ন্ত্রণে কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজারে মনিটরিং আরও জোরদার করতে হবে, যাতে কেউ গুজব ছড়িয়ে বাজারে কৃত্রিম পতন ঘটিয়ে নিজস্ব স্বার্থ হাসিল করতে না পারে। এছাড়া গুজবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেই কেবল বাজার নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব হবে।

অন্যদিকে, আজ (২৪ জুন) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক, লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০.৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭.৪৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮২টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল প্রায় ৮২৮ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১১ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের দিন যেখানে লেনদেন হয়েছিল ৯৮ কোটি ৪৭ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৪১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২৩.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের দিন সূচকটি ৫৩.১৩ পয়েন্ট বেড়েছিল।

 

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged