নিজস্ব প্রতিবেদক: টানা তৃতীয় কর্মদিবসের মতো শেয়ারবাজারে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, সূচকের বর্তমান গতি বিবেচনায় খুব দ্রুতই এটি ৬ হাজার পয়েন্ট অতিক্রম করবে এবং দৈনিক লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাজার ইতোমধ্যে সেই পথেই অগ্রসর হচ্ছে।
যদিও সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরানি সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলেও তার প্রভাব এখনও দেশের শেয়ারবাজারে পড়েনি, যা বাজারকে স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কম দামে শেয়ার ক্রয় না করার জন্য ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী আফসোস করতে পারেন বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মানসম্পন্ন শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়, কারণ ভালো প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে সূচক ও লেনদেন যেভাবে বাড়ছে, আগামী দুইদিনেও এই ধারা অব্যাহত থাকলে সপ্তাহের মধ্যেই ৬ হাজার পয়েন্ট অতিক্রম করা সম্ভব।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯১১.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭.০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪.০০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭.১০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৯টির শেয়ারদর বেড়েছে, ১৩৭টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ ডিএসইতে প্রায় ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার তুলনায় প্রায় ২৩২ কোটি ১৪ লাখ টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে এই পরিমাণ ছিল ৩০ কোটি ১০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৮৯টির কমেছে এবং ২৬টির পরিবর্তন হয়নি।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭.৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭৮.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কার্যদিবসে সূচকটি ১১৮.৩১ পয়েন্ট বেড়েছিল।


