বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড়ে ভবন ভাড়া দিয়ে আয় করবে ন্যাশনাল ব্যাংক

সময়: সোমবার, জুলাই ২৭, ২০২৬ ১২:৪২:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আর্থিক সংকট মোকাবিলায় রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন ‘টুইন টাওয়ারের’ একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অনুমতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক। বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে, যা দেশের কোনো ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের প্রথম উদ্যোগ ।

ব্যাংক সূত্রে জানা গেছে, দুটি ১২ তলা ভবনের একটিতে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর করা হবে। অন্য ভবনটি ভাড়া দিয়ে নিয়মিত আয় করার পরিকল্পনা রয়েছে। এই আয় ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে ।

ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকের ভবন ভাড়া দিয়ে ব্যবসা করার সুযোগ না থাকায় বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমোদন নিয়ে ন্যাশনাল ব্যাংককে সংশ্লিষ্ট বিধান থেকে বিশেষ অব্যাহতি দিয়েছে । কেন্দ্রীয় ব্যাংক ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুযোগ দিয়েছে ।

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ খেলাপি, যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি রয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটি ১ হাজার ৭০৬ কোটি টাকা লোকসান করে এবং এখনো লোকসান থেকে বের হতে পারেনি ।

২০১৪ সালে শুরু হওয়া টুইন টাওয়ার প্রকল্পের নির্মাণ ব্যয় এরই মধ্যে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে টাওয়ার-১ ব্যবহারের উপযোগী করার কাজ শেষ পর্যায়ে। নতুন প্রধান কার্যালয়ে স্থানান্তর হলে ব্যাংকটির বর্তমান কার্যালয়ের জন্য প্রতি মাসে গুনতে হওয়া প্রায় আড়াই কোটি টাকার ভাড়াও সাশ্রয় হবে ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে ন্যাশনাল ব্যাংকের অবস্থার অবনতি হয়েছে। আমানতকারীদের অর্থ পরিশোধেও ব্যাংকটি চাপের মধ্যে রয়েছে। এই সিদ্ধান্ত ব্যাংকটির নগদ প্রবাহ কিছুটা শক্তিশালী করবে এবং আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged