মূলধন দ্বিগুণ করার প্রস্তাব পূবালী ব্যাংকের

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:০৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর অংশ হিসেবে বর্তমান ২ হাজার কোটি টাকা থেকে অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

তবে প্রস্তাবিত এ মূলধন বৃদ্ধি কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদনও নিতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এ মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকায় উন্নীত হলে ব্যাংকটির মোট সাধারণ শেয়ারের সংখ্যা বেড়ে ৪০০ কোটি হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা অপরিবর্তিত থাকবে।

অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রস্তাবের পাশাপাশি ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। মূলধনের প্রস্তাবিত বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ধারায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

পর্ষদের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠেয় এ সভা সকাল ১১টায় শুরু হবে।

ইজিএমে কোন শেয়ারহোল্ডাররা অংশগ্রহণের যোগ্য হবেন, তা নির্ধারণের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করেছে পূবালী ব্যাংক।

ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged