সূচক কমলেও বেড়েছে লেনদেন

বাজার মূলধন কমলো ৫ হাজার ৩২৯ কোটি টাকা, সপ্তাহজুড়ে সূচকের বড় পতন

সময়: শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচক কমেছে। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।

এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার কোটি টাকার ওপরে কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের গতি এবং মূল্যসূচকের বড় পতন হয়েছে।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ার তালিকায় রয়েছে ৬০টির শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩১০টির। অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩২৯ কোটি টাকা।

তিন সূচকেরই বড় পতন
বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকও কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ১৪৬ দশমিক ৯২ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৩২ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ৪৫ দশমিক ৪২ পয়েন্ট বা ২ দশমিক ১২ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৪ কোটি ৫৭ লাখ টাকা বা ৮ দশমিক ৯৬ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ২৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ১৮ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১৬ কোটি ৬২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক এবং নিটল ইন্স্যুরেন্স।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged