শক্তিশালী শেয়ারবাজার অর্থনীতিকে আরও গতিশীল করে: সিএসই এমডি

সময়: রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৫৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ও কার্যকর শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেছেন, শেয়ারবাজার যত বেশি শক্তিশালী ভিত্তির ওপর পরিচালিত হবে, এ বাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উপাদানও দেশের অর্থনীতিতে তত বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে সিএসইর কার্যালয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ শিক্ষার্থীর শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, একটি দেশের আর্থিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেয়ারবাজার। এ বাজারকে কার্যকর, শক্তিশালী ও টেকসই করতে সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা এবং পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা যত বাড়বে, বাজারের কার্যক্রমও তত বেশি গতিশীল এবং কার্যকর হয়ে উঠবে।

তিনি বলেন, শেয়ারবাজারকে শুধু শেয়ার কেনাবেচার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করলে এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করা সম্ভব নয়। মানুষের সঞ্চিত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নতুন মূলধন সংগ্রহের ক্ষেত্রও তৈরি করে এ বাজার। ফলে শেয়ারবাজারের কার্যক্রম অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এম সাইফুর রহমান মজুমদার বলেন, প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনও সমান গুরুত্বপূর্ণ। ছাত্রজীবন হচ্ছে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার সময়। এই সময়ে বিভিন্ন খাতের বাস্তব কার্যক্রম সম্পর্কে ধারণা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত লক্ষ্য আরও স্পষ্টভাবে নির্ধারণ করতে পারবেন।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তরুণদের বহুমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়। ভবিষ্যতে যে খাতে কাজ করার আগ্রহ রয়েছে, সেই খাতের বাস্তব কার্যক্রম ও কর্মপরিবেশ সম্পর্কেও তরুণদের ধারণা নিতে হবে।

শিক্ষার্থীদের শেয়ারবাজারের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে গিয়ে সিএসই এমডি বলেন, এ বাজারের সামগ্রিক কার্যক্রম বুঝতে হলে লেনদেন ও নিষ্পত্তি ব্যবস্থা, বিনিয়োগকারীদের সুরক্ষা, নজরদারি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। কারণ শেয়ারবাজার একদিকে যেমন প্রযুক্তিনির্ভর, অন্যদিকে নির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর আওতায় এর কার্যক্রম পরিচালিত হয়।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, শেয়ারবাজারে পেশাগতভাবে কাজ করতে আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয়গুলোতে যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। দেশের শেয়ারবাজারের উন্নয়নে সিএসই সব সময় গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অতীতেও নতুন নতুন পণ্য চালুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় দেশের শেয়ারবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ বিন হোসাইন এবং মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। শেয়ারবাজারের কার্যক্রম এবং এর ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে উপস্থাপনা করেন সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।

এ ছাড়া হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোরশেদ, পিএসসি এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতে চালু হতে যাওয়া বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাব্য মুনাফা এবং বিনিয়োগকারীদের সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

পরে শিক্ষার্থীদের শেয়ারবাজার ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএসইর কর্মকর্তারা।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged