নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোকে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে আইপিওসংক্রান্ত বিধিমালায় পরিবর্তন বা সংস্কার আসতে পারে—এমন আশঙ্কায় আবেদন প্রক্রিয়া স্থগিত রাখা কিংবা বিলম্ব না করার জন্য কোম্পানিগুলোকে পরামর্শ দিয়েছে কমিশন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইক্যুইটি সিকিউরিটিজের জনসাধারণের কাছে প্রস্তাব) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। শেয়ারবাজার থেকে নতুন মূলধন সংগ্রহে আগ্রহী কোম্পানিগুলো বিদ্যমান বিধিমালা মেনেই আইপিওর জন্য আবেদন করতে পারবে।
কমিশন জানিয়েছে, যেসব কোম্পানি ইতোমধ্যে আইপিওর জন্য আবেদন করেছে অথবা আবেদন করার প্রস্তুতি নিচ্ছে, তাদের ভবিষ্যতে বিধিমালা সংস্কার বা পরিবর্তনের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে আইপিওসংক্রান্ত বিধিমালায় কোনো ধরনের সংস্কার, পরিবর্তন বা শিথিলতা আনা হলে প্রযোজ্য ক্ষেত্রে বর্তমানে আবেদন করা কোম্পানিগুলোও সেই সুবিধা পাওয়ার সুযোগ পাবে।
এদিকে ব্যবসা পরিচালনা বা সম্প্রসারণের জন্য নতুন মূলধনের প্রয়োজন নেই—এমন প্রতিষ্ঠিত কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ডাইরেক্ট লিস্টিং চালুর উদ্যোগ নিয়েছে বিএসইসি।
এ উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে কমিশন। জনমত গ্রহণের জন্য এরই মধ্যে খসড়াটি প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবিত ডাইরেক্ট লিস্টিং ব্যবস্থায় কোম্পানিকে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে হবে না। এর পরিবর্তে কোম্পানির বিদ্যমান শেয়ারধারীরা তাদের মালিকানাধীন শেয়ার অফলোড করে সংশ্লিষ্ট কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার সুযোগ পাবেন।
বিএসইসি জানিয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণকারী কোম্পানিগুলো ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য আবেদন করতে পারবে। এর ফলে নতুন ও সক্ষম কোম্পানিগুলোর শেয়ারবাজারে অংশগ্রহণ বাড়ার পাশাপাশি বিদ্যমান শেয়ারধারীদের হাতে থাকা শেয়ার অফলোডের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাজারের গভীরতা ও পরিধি বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।
কমিশন আরও জানিয়েছে, ডাইরেক্ট লিস্টিংসংক্রান্ত বিধিমালা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করে কার্যকর করা হবে। ফলে এ ব্যবস্থার আওতাভুক্ত এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি।


