নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে গত চার দিনের টানা পতনের পর একটি দিন উত্থান দেখা গেছে। গত সপ্তাহেও একই চিত্র ছিল—টানা চার দিন দরপতনের পর একদিন ঊর্ধ্বমুখী প্রবণতা। সেই ধারাবাহিকতা চলতি সপ্তাহেও অব্যাহত থাকায় বাজারসংশ্লিষ্টদের মতে, এটি নিঃসন্দেহে একটি সুপরিকল্পিত চক্রের খেলা। তারা বলছেন, গত সপ্তাহে বুধবার অর্থাৎ সপ্তাহের চতুর্থ কর্মদিবসে উত্থান ঘটেছিল; চলতি সপ্তাহেও ঠিক একই দিনে সেই দৃশ্য দেখা গেছে। ফলে বাজারে কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
বাজার বিশ্লেষকদের ভাষ্য, নতুন কমিশনের আমলে বাজার মনিটরিং যথাযথভাবে না হওয়ার প্রভাবই বাজারে পড়ছে। তারা মনে করছেন, সঠিক তদারকি থাকলে টানা চার দিন পতনের পর হঠাৎ একই ধরনের উত্থান ঘটত না। তাই আগের ও চলতি সপ্তাহের ধারা অব্যাহত থাকলে আগামীকালও পতনের আশঙ্কা করছেন তারা। তাদের মতে, বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন যে ব্যর্থ হচ্ছে, তা স্পষ্ট। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাজার তলানিতে পৌঁছাবে এবং বিনিয়োগকারীরা আস্থা হারাবে। তাই বাজারের প্রতি বিশেষ নজর দিয়ে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি বলে তারা মনে করছেন।
এদিকে, আজ (০৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৩.৮৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬.৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯১টির দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত থেকেছে।
ডিএসইতে আজ প্রায় ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি ৬৬ লাখ টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৫টির দর কমেছে এবং ১৯টির দর পরিবর্তন হয়নি।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৫.৭৮ পয়েন্টে। আগের দিন সূচকটি ৬২.৯১ পয়েন্ট কমেছিল।


