নিজস্ব প্রতিবেদক : বাজারকে পতনের দিকে ঠেলে দেওয়ার সব অপচেষ্টা ব্যর্থ করে আজও (০৬ জুলাই) উত্থানের ধারা বজায় রেখেছে শেয়ারবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরকারের সময়ে শেয়ারবাজার স্থিতিশীলতার পথে ফিরেছে। এর ফলে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সূচকের পাশাপাশি লেনদেনেও তৈরি হচ্ছে নতুন রেকর্ড। কিন্তু এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে সচেষ্ট রয়েছে একটি অসাধু চক্র। স্বৈরাচারী শাসনামলে যাদের কারণে শেয়ারবাজার ছিল তলানীতে এবং কমে গিয়েছিল বিনিয়োগকারীদের অংশগ্রহণ, সেই চক্রটি আবারও বাজারকে ধসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আজকের বাজার চিত্রে তারই প্রভাব দেখা গেছে।
লেনদেন শুরুর সময় থেকে বাজার ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু মধ্যাহ্নের পর ওই চক্রের অসাধু কৌশলের কারণে গতি কিছুটা কমে যায়। তবে তারা সফল হয়নি। দিনশেষে ঠিকই সূচকের তীর উর্ধ্বমুখী রেখেই লেনদেন শেষ হয়। মধ্যাহ্নের পর শ্লথ গতির কারণে টাকার অঙ্কে লেনদেন কমলেও বিনিয়োগকারীরা যদি সতর্ক থাকেন এবং বাজার মনিটরিং জোরদার করা হয়, তাহলে বাজারের স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকবে।
সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৯.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩.০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২.৫৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৬টির দর বেড়েছে, ১৫৫টির দর কমেছে এবং ৭১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার তুলনায় প্রায় ১১৩ কোটি ৫০ লাখ টাকা কম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন এখানে ৬৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৬৮.৬৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৮৪.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগেরদিন সূচকটি ৯৭.২৮ পয়েন্ট বেড়েছিল।


