নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৩ মে) সবগুলো সূচক বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হলেও ভবিষ্যতে বেশি মুনাফার আশায় বিনিয়োগকারীরা শেয়ার ছাড়ছেন না—যার ফলে লেনদেন কমে গেছে।
তাদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে টানা পতনের মধ্য দিয়ে গেছে শেয়ারবাজার। তখন অনেক বিনিয়োগকারী লেনদেন থেকে দূরে সরে ছিলেন এবং পরবর্তী উত্থানের জন্য বাজার পর্যবেক্ষণ করছিলেন। গতকাল (মঙ্গলবার) বাজার উত্থান হলে অনেকে মুনাফা তুলে নেন এবং কেউ কেউ শেয়ার কিনেছেন। এতে সূচকের পাশাপাশি লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়েছিল। কিন্তু আজ বিনিয়োগকারীরা ভবিষ্যতে আরও বেশি লাভের আশায় শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩ দশমিক ৪৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ দশমিক ২৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৫২টির দর বেড়েছে, ১৮৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে প্রায় ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এই পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২৪৫ কোটি ৪৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন এ পরিমাণ ছিল ২১ কোটি ৫ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৭ দশমিক ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৩৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছিল।


