সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক ও লেনদেন বৃদ্ধিতে ইতিবাচক সপ্তাহ শুরু

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:২৬:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : স্থিতিশীল বাজার পরিস্থিতির ইঙ্গিত দিয়ে আজ (০১ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

যদিও দিনের শুরুতে সূচকে কিছুটা পতন দেখা যায়, তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরবর্তীতে সূচকের দিক পরিবর্তন হয়ে একটানা ঊর্ধ্বমুখী ধারায় প্রবেশ করে এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত সেই প্রবণতা বজায় থাকে। বাজারের এই গতিধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, জাতীয় নির্বাচনের পর শেয়ারবাজার আরও ঊর্ধ্বমুখী হতে পারে। তবে আগের মতো বড় ধরনের পতনের আশঙ্কা নেই। এ অবস্থায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩ দশমিক ৩৬ পয়েন্টে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২ দশমিক ৮৬ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৯৭ দশমিক ২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৮টির শেয়ারদর বেড়েছে, ১৬২টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে এদিন মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৬২৬ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৫০ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৭৬ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ৮ কোটি ৫৭ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৫৭টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৯ দশমিক ৯৮ পয়েন্টে। আগের দিন এই সূচক ৩৯ দশমিক ৭৭ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged