নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি Paramount Textile PLC তাদের কারখানায় ৯.৮১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ১৫ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা শেষে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information) অনুযায়ী, কোম্পানিটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান Paramount Solar Ltd.-এর সঙ্গে একটি পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (PPA) স্বাক্ষর করবে।
বোর্ড সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান, টেকসই ব্যবসা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যেই কারখানা প্রাঙ্গণে রুফটপ সোলার প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে OPEX মডেলের আওতায় ৯.৮১ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্পটির নকশা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে প্যারামাউন্ট সোলার লিমিটেড। উৎপাদিত বিদ্যুৎ প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘন্টা) ৮ টাকা ২০ পয়সা হারে ক্রয় করবে। তবে এই মূল্যের সঙ্গে ভ্যাট ও এআইটি অন্তর্ভুক্ত থাকবে না।
চুক্তি অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রকল্পটি কমিশনিং হয়ে উৎপাদনে যাওয়ার পর থেকে টানা ২০ বছর পর্যন্ত প্যারামাউন্ট সোলার লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করবে।
এছাড়া কোম্পানিটি আরও জানিয়েছে, প্যারামাউন্ট সোলার লিমিটেডের মোট পরিশোধিত মূলধনের ৯৯.৯৯ শতাংশ শেয়ারই প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির মালিকানায় রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ উল্লিখিত শর্তে প্যারামাউন্ট সোলার লিমিটেডের সঙ্গে পিপিএ স্বাক্ষরের সিদ্ধান্ত অনুমোদন করেছে।


