নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারী, সর্বসাধারণ ও বাজার সংশ্লিষ্টদের উন্নত, সহজলভ্য ও কার্যকর তথ্য ও সেবা দিতে নতুন আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে সর্বসাধারণ বিএসইসির আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস রিলিজ, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধনপ্রাপ্ত স্টেকহোল্ডারদের তালিকা, আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংক্রান্ত নানা তথ্য সহজেই দেখতে ও সংগ্রহ করতে পারবেন।
পাশাপাশি বিএসইসির বিভিন্ন সেবা এবং সেবাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও সহজে পাওয়া যাবে। বিশেষ করে সেবাসংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করবে।
বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সাইটটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে পাওয়ার সুবিধা।
:
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমান, সিপিএ-এর তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশনের উদ্যোগে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। একটি প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠান কারিগরি সহায়তা দিয়েছে।
পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণের পাশাপাশি বিএসইসির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ওয়েবসাইটটি ভূমিকা রাখবে।
নতুন ওয়েবসাইট চালু হওয়ায় বিএসইসির পূর্ববর্তী ওয়েবসাইটটি রোববার (৬ সেপ্টেম্বর) থেকে বন্ধ থাকবে।
ওয়েবসাইট সম্পর্কে যেকোনো মতামত, পরামর্শ বা ফিডব্যাক ই-মেইলে পাঠানো যেতে পারে।


