বিএসইসির অনুমোদনে বেক্সিমকো ও শাইনপুকুরে নতুন পরিচালনা পর্ষদ

সময়: বুধবার, অক্টোবর ৭, ২০২৬ ৭:৪৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক ও ব্যবসায়িক স্থবিরতা কাটিয়ে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ হিসেবে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন করে গঠিত দুই কোম্পানির পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের সহ-সভাপতি সালমান এফ রহমানকে রাখা হয়নি।

নিয়ন্ত্রক সংস্থাটির বৈঠকে পর্ষদ পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো সালমান এফ রহমানকে ছাড়াই পরিচালনা পর্ষদ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পথ তৈরি হলো।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে একাধিক ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের অনুমতি এবং সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে গত সেপ্টেম্বরেই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি দেন তিনি।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জন্য ৯ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করে বিএসইসি। এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের জন্য ৭ সদস্যবিশিষ্ট নতুন পর্ষদের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুই কোম্পানির পর্ষদেই সালমান এফ রহমানের ভাই এএসএফ রহমান প্রতিষ্ঠাতা স্পন্সর হিসেবে থাকছেন। একই সঙ্গে করপোরেট গভর্ন্যান্স কোডের বিধান অনুসরণ করে নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালকও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক হিসাব জব্দ হওয়া, কাঁচামালের সংকট এবং নানা ধরনের আর্থিক জটিলতার কারণে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো গ্রুপের প্রায় এক ডজন কারখানা বন্ধ হয়ে যায়। এতে ৪০ হাজারের বেশি শ্রমিক চাকরি হারান অথবা কর্মহীন হয়ে পড়েন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মোট ঋণের পরিমাণ ছিল ৫০ হাজার ৯৮ কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার ৫২৪ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের অর্ধেকেরও বেশি, খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে পরিচালনা পর্ষদ না থাকা এবং বিভিন্ন আইনি জটিলতার কারণে গত পাঁচ প্রান্তিক ধরে কোম্পানিগুলো আর্থিক বিবরণী প্রকাশ করতে পারেনি। নিয়ম অনুযায়ী চলতি মাসেই ২০২৬ অর্থবছরের বার্ষিক আর্থিক হিসাব প্রকাশের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।

নতুন পরিচালনা পর্ষদ গঠনের ফলে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস শেয়ারবাজারের বিধিবিধান পরিপালনের পাশাপাশি চলমান আইনি জটিলতা ও মামলা প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

বিএনপি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পর্ষদ পুনর্গঠনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পর্ষদের মাধ্যমে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা এবং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছে বেক্সিমকো গ্রুপ।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged