সূচক কমলেও বেড়েছে লেনদেন

মিশ্র প্রবণতায় সপ্তাহ শেষ, সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬ ৩:০৩:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলতি সপ্তাহ শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। এ সপ্তাহে প্রধান সূচকের পতন না ঘটলেও উল্লেখযোগ্য কোনো উত্থানও হয়নি। সূচক যে হারে বাড়া প্রয়োজন ছিল, সে হারে বাড়েনি। ফলে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন। গত চার দিন বাজার কিছুটা ইতিবাচক থাকলেও আজকের পরিস্থিতি ছিল ভিন্ন। আজ সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন শুরু হলেও শেষে প্রধান সূচক সামান্য বাড়ে, তবে অপর দুটি সূচক কমে যায়। এতে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আবারও কিছুটা আস্থাসংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, চলতি সপ্তাহে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। পতিত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইস্যুতে আজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন দেশজুড়ে সাড়া ফেলেছে। এ ইস্যুকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা রাস্তায় জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এর প্রভাবে বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে—এমনটা বলা যায় না। কারণ বাজার বেশ কিছুদিন ধরেই অস্থির আচরণ করছে। এ কারণে বিনিয়োগকারীরাও লেনদেনে অনেক সতর্কতা অবলম্বন করছেন। পাশাপাশি পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার তেমন কার্যকর পদক্ষেপ নেই। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতেই কৌশলে জোর করে সূচক উত্থানের নাটকের মাধ্যমে বিনিয়োগকারীদের বাজারমুখী করার ব্যর্থ চেষ্টা করছে। প্রকৃতপক্ষে পতন ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। একই সঙ্গে বাজার মনিটরিংও যথাযথভাবে হচ্ছে না। এসব কারণেই বাজারের এমন অবস্থা বলে তারা মনে করছেন।

এদিকে আজ (১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও অপর দুটি সূচক সামান্য কমেছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৩ পয়েন্টে। এদিন অন্য 두 সূচকের মধ্যে ডিএসইএস ০ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮১৯ কোটি ৯০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭৩ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩০ দশমিক ৬০ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ১১ বার পড়া হয়েছে ।
Tagged