নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেই উঠেছে নিষিদ্ধ শেয়ার লেনদেনে জড়িত থাকার অভিযোগ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুস্পষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তা নিজেরা কিংবা পরিবারের সদস্যদের নামে শেয়ার কেনাবেচা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি ইতোমধ্যে বিএসইসির নজরে এসেছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
অভিযোগের তালিকায় রয়েছেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। শেয়ারবাজারের প্রশিক্ষণ ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির শীর্ষ পদে দায়িত্ব পালন করলেও বিএসইসির বিনিয়োগসংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করে তিনি শেয়ার লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ওয়াজিদ হাসান শাহের নামে মোট পাঁচটি বিও হিসাব রয়েছে। এর মধ্যে বর্তমানে তিনটি হিসাব সক্রিয় রয়েছে। এসব হিসাবের মাধ্যমে তিনি নিয়মিত শেয়ার কেনাবেচা করছেন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
কর্মকর্তাদের শেয়ার বিনিয়োগে বিএসইসির নিষেধাজ্ঞা
শেয়ারবাজারে স্বার্থের সংঘাত প্রতিরোধ এবং সংবেদনশীল তথ্যের অপব্যবহার ঠেকাতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বিএসইসি।
কমিশনের নির্দেশনা অনুসারে, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণভাবে শেয়ারবাজারের শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না।
তবে নির্দেশনায় কয়েকটি নির্দিষ্ট বিনিয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এগুলো হলো নন-কনভার্টিবল বন্ড, সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড। এসব ব্যতিক্রম ছাড়া অন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগের অনুমতি নেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের।
এমন বিধিনিষেধ থাকার পরও বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের বিরুদ্ধে নিয়মিত শেয়ার লেনদেনের অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যেসব প্রতিষ্ঠানের মূল দায়িত্ব বাজারে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, সেসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেই যদি নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও গভীর হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াজিদ হাসান শাহ বলেন, চাকরিতে যোগদানের সময় শেয়ার ব্যবসা পরিচালনার বিষয়টি তিনি জানিয়ে নিয়েছেন। তিনি গত ৩০ বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন বলেও দাবি করেন।
ডিএসইর চাকরিবিধিতেও কঠোর বিধিনিষেধ
শুধু বিআইসিএম নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তা-কর্মচারীদের জন্যও শেয়ার ব্যবসায় যুক্ত হওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। ডিএসইর চাকরিবিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা তাঁদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় শেয়ার বা সিকিউরিটিজের ব্যবসায় অংশ নিতে পারবেন না।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বাবা-মা, স্বামী বা স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি এবং শ্যালক-শ্যালিকা। এমনকি ডিএসইতে চাকরিতে যোগ দেওয়ার আগে কারও বিও হিসাব বা শেয়ার ব্যবসা থাকলেও চাকরিতে প্রবেশের আগেই তা বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু এসব বিধিনিষেধ অমান্য করে ডিএসইর কয়েকজন কর্মকর্তা নিজের নামে অথবা পরিবারের সদস্যদের নামে শেয়ার ব্যবসা করেছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার স্ত্রীর নামে শেয়ার লেনদেনের তথ্য সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে তাঁর স্ত্রীর নামে একটি বিও হিসাব চালু ছিল। ওই সময়ে শফিকুল ইসলাম ডিএসইর লিস্টিং বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীর নামে পরিচালিত ওই বিও হিসাব ব্যবহার করে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়েছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, ওই বিও হিসাবে ফু-ওয়াং ফুড, ইউনাইটেড এয়ারওয়েজ, নাভানা সিএনজি, প্রিমিয়ার লিজিং, মালেক স্পিনিং ও বিডি ওয়েল্ডিংসহ একাধিক কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে কয়েকটির শেয়ার নিয়ে অতীতেও কারসাজির অভিযোগ ছিল।
এর আগেও শফিকুল ইসলাম ভূঁইয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৬ সালে রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার পর তাঁকে ডিএসইর লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকে আর ওই বিভাগে দায়িত্ব দেওয়া হয়নি।
মশিউর সিকিউরিটিজে ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেয়ারবাজারের অনিয়ম এবং কর্মকর্তাদের সম্ভাব্য যোগসাজশের আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে মশিউর সিকিউরিটিজকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের ঘটনায় ডিএসই ও বিএসইসির একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সালের পরপরই ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের একটি পরিদর্শক দল মশিউর সিকিউরিটিজ পরিদর্শন করে। ওই পরিদর্শনে ৫০ কোটি টাকার বেশি অর্থের ঘাটতি শনাক্ত করা হয়েছিল। কিন্তু এরপরও সংশ্লিষ্ট ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওই সময়ে ডিএসইর মনিটরিং দলের সদস্য বিমল চন্দ্র মণ্ডল বেনামে তিনটি বিও হিসাব খুলে নিজেই শেয়ার ব্যবসায় জড়িয়ে পড়েন।
অন্যদিকে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিএসই মশিউর সিকিউরিটিজে প্রায় ১০ বার পরিদর্শন চালালেও কোনো ঘাটতি বা অনিয়ম শনাক্ত করতে পারেনি বলে জানা গেছে।
অবশেষে ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো ব্রোকারেজ প্রতিষ্ঠানটির কাস্টমার ক্লায়েন্ট অ্যাকাউন্টে (সিসিএ) ৩ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি শনাক্ত করে ডিএসই। এর তিন দিন পর, ২২ অক্টোবর প্রতিষ্ঠানটির ওপর শর্ত আরোপ করা হয়।
তবে পরদিন ২৩ অক্টোবর বিএসইসি একটি চিঠির মাধ্যমে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করে। একই সঙ্গে ফ্রি-লিমিট সুবিধাও বহাল রাখা হয়, যা প্রতিবেদনে বেআইনি সুবিধা হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৪ জুন আরেকটি চিঠির মাধ্যমে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।
শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাজারের নিয়ন্ত্রক ও তদারকি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যক্তিগত বিনিয়োগ, স্বজনদের নামে শেয়ার লেনদেন এবং বিভিন্ন অনিয়মে সম্ভাব্য যোগসাজশের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। কারণ, এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই শেয়ারবাজারের স্বচ্ছতা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা অনেকাংশে নির্ভর করে।


