নিজস্ব প্রতিবেদক: গত দুই কর্মদিবসের তুলনায় আজ শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গত দুই দিন সূচক ও লেনদেন বাড়লেও দর বৃদ্ধিতে অসামঞ্জস্য ছিল; আজ সেই অসামঞ্জস্য কাটিয়ে বাজার অনেকটাই ইতিবাচক ধারায় ফিরেছে। তবে এই ইতিবাচক প্রবণতা ধরে রেখে বাজারে স্থিতিশীলতা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর রেকর্ড পরিমাণ সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়েছিল। ধারাবাহিক উত্থানে সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছেছিল। ওই ধারা আরও এক-দুই দিন অব্যাহত থাকলে সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেত। কিন্তু ধারাবাহিক দরপতনের কারণে সূচক ও লেনদেন কমে যায়; ফলে বাজার এখন ঊর্ধ্বমুখী হলেও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থাসঙ্কট রয়ে গেছে। বর্তমান ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং তাদের অংশগ্রহণ বাড়লে বাজার আরও চাঙা হবে।
এদিকে আজ (১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩.৪৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ৭৫টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ প্রায় ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৪০ কোটি ৩৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৬১টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.০৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৮.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছিল।


