সূচক কমলেও বেড়েছে লেনদেন

মিশ্র প্রবণতায় সূচক সাড়ে ৫ হাজার পয়েন্টে, কমেছে লেনদেন

সময়: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬ ৩:৩৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : টানা তিনদিন বাজার ঊর্ধ্বমুখী থাকার পর আজ লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। বাজার সংশ্লিষ্টদের মতে, দুর্বল বাজার মনিটরিং ও কারসাজিচক্রের সক্রিয়তাই এমন পরিস্থিতির জন্য দায়ী।

তাদের মতে, বাজার মনিটরিং প্রত্যাশিতভাবে হচ্ছে না; অন্যদিকে কারসাজি চক্র নিজেদের ফায়দা হাসিলে সক্রিয় থাকায় বাজারে স্থিতিশীলতা আসছে না। মাঝে মাঝে বাজার উর্ধ্বমুখী হলেও তার স্থায়িত্ব নিয়ে শঙ্কায় পড়েন বিনিয়োগকারীরা। ফলে লেনদেনের আগে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন। সাধারণ বিনিয়োগকারীরাও সতর্কতার সঙ্গে লেনদেন করেন, কারণ তারা বারবার লোকসান গুনতে চান না। তবে পতন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজার স্থিতিশীল হবেই।

এদিকে আজ (১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪.৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৮.৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ১৬৬টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৯৩৯ কোটি ৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৫৯টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৩.২১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ১০ বার পড়া হয়েছে ।
Tagged